ধানমন্ডিতে এপেক্সের শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ এএম
ধানমন্ডিতে এপেক্সের শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, ধানমন্ডি ২৭ নম্বরে সড়কের উত্তর পাশে মীনা বাজার থেকে দক্ষিণ দিকে অবস্থিত এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।


এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোনো ব্যক্তি আহত বা ভবনের ভেতরে কেউ আটকা পড়ার খবর পাওয়া যায়নি।


এমকে/বিএম২৪