যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও সেমিনার, নবীজির মেধা ও দূরদর্শিতার ওপর আলোকপাত

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পিএম
যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও সেমিনার, নবীজির মেধা ও দূরদর্শিতার ওপর আলোকপাত

সূত্রঃ বিডি মেইল

যবিপ্রবি প্রতিনিধি: সাকিবুল ইসলাম


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মেধা, দূরদর্শিতা ও আদর্শ জীবন নিয়ে সীরাত প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।


সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে আয়োজিত সেমিনারের সমাপনী পর্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট লেখক, গবেষক ও ড্যাফোডিল সেন্টার ফর ইসলামিক স্টাডিজের পরিচালক প্রফেসর মো. মোখতার আহমাদ।


সমাপনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সামনে মহানবী (সা.)-এর মেধা, দূরদর্শিতা ও আদর্শ জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, সমসাময়িক নানা চ্যালেঞ্জ মোকাবিলা এবং সৎ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে মহানবী (সা.)-এর সীরাতের শিক্ষা অনুসরণের কোনো বিকল্প নেই।


এর আগে সেমিনারের প্রথম পর্বে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা মহানবী (সা.)-এর জীবন, আদর্শ ও সমসাময়িক সময়ে সীরাতের প্রাসঙ্গিকতা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।


দিনব্যাপী আয়োজনের সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘সীরাত প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


পরে সন্ধ্যায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সীরাত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।


সবশেষে দ্বিতীয় জামাতে এশার নামাজ আদায়ের মধ্য দিয়ে দিনব্যাপী সীরাত কনটেস্ট ও সেমিনারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।