মোবাইলে ব্যস্ত চিকিৎসক, মারা গেলেন রোগী
সূত্রঃ সংগৃহীত
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় হাজেরা বেগম (৪২) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাজেরা বেগম লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের শেখের বাড়ির বাসিন্দা এবং আক্তার হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বজনদের অভিযোগ, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হাজেরা বেগমের শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় তারা কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কাকে বারবার রোগীকে দেখতে অনুরোধ করেন। তবে চিকিৎসক রোগীর কাছে না এসে নিজের কক্ষে মোবাইল ফোন ব্যবহার করছিলেন বলে অভিযোগ করেন তারা।
স্বজনদের দাবি, বারবার অনুরোধের পরও চিকিৎসক রোগীকে দেখতে না এসে তাকে বেড থেকে কাঁধে করে নিজের কক্ষে নিয়ে আসতে বলেন। এ সময় রোগীর স্বামী আক্তার হোসেন জানান, একার পক্ষে অসুস্থ স্ত্রীকে কাঁধে করে চিকিৎসকের কক্ষে নেওয়া সম্ভব নয়।
পরে চিকিৎসক রোগীকে অক্সিজেন দেওয়ার পরামর্শ দেন বলে দাবি করেন স্বজনরা। এর কিছুক্ষণ পরই রাত সাড়ে ১১টার দিকে হাজেরা বেগমের মৃত্যু হয়।
হাজেরা বেগমের স্বামী আক্তার হোসেন বলেন, ‘আমার স্ত্রী দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। ডাক্তারকে বারবার অনুরোধ করার পরও তিনি রোগীকে দেখতে আসেননি। চিকিৎসক সময়মতো রোগীকে দেখলে হয়তো এমন ঘটনা ঘটত না।’
তবে অভিযুক্ত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কার বক্তব্য জানতে গেলে সাংবাদিকদের বক্তব্য নিতে বাধা দেন হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট ডা. জয়ন্ত মালাকার। তিনি বলেন, রোগীর স্বজনদের করা অভিযোগের বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের সব দায় তিনি নেবেন এবং চিকিৎসকের পক্ষ থেকে তিনিই বক্তব্য দেবেন।
ডা. জয়ন্ত মালাকার দাবি করেন, ওই রোগীর আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল। এছাড়া লিভারের জটিল রোগের চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভব নয় বলেও তিনি জানান।
এ বিষয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল বলেন, কর্তব্যে অবহেলার বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে
এমকে/বিএম২৪









