গাজীপুরে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম
গাজীপুরে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি


গাজীপুর মহানগরীতে ৭ কেজি গাঁজাসহ মোসাঃ রুমা আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।


শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে মহানগরীর বাসন থানাধীন মোগরখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মনিরুজ্জামান ও এসআই (নিঃ) মো. খালেকুজ্জামানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস-চট্টগ্রাম রোডের নিউ আঁখি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উত্তর পাশে অভিযান চালায়।


এ সময় সড়কের পাশের একটি ফাঁকা জায়গায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে রুমা আক্তারকে আটক করা হয়।


পরে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেপ্তার রুমা আক্তার নরসিংদীর রায়পুরা থানার লোচনপুর এলাকার মৃত নুরুল হকের মেয়ে এবং মুক্তার হোসেনের স্ত্রী।


পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।


এ ঘটনায় গ্রেপ্তার রুমা আক্তারের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। মামলাটির নম্বর ২৩।


এমকে/বিএম২৪