সেনবাগে ৭৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা, দেওয়া হলো পাঠাগার অ্যাওয়ার্ড-২০২৬
সূত্রঃ সংগৃহীত
জুয়েল রানা, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে ‘সেনবাগ পাঠাগার অ্যাওয়ার্ড-২০২৬’।
সেনবাগ পাঠাগারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। সম্মাননার পাশাপাশি শিক্ষার্থীদের হাতে নগদ বৃত্তি তুলে দেওয়া হয়। এ সময় তাদের উচ্চশিক্ষা, ভবিষ্যৎ ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ ও উপদেষ্টা, সেনবাগ পাঠাগার।
বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. আব্দুল কাইয়ুম মাসুদ, ডিন, ব্যবসায় শিক্ষা অনুষদ ও প্রভোস্ট, আব্দুল মালেক উকিল হল এবং উপদেষ্টা, সেনবাগ পাঠাগার।
এ ছাড়া উপস্থিত ছিলেন সেনবাগ পাঠাগারের উপদেষ্টা জাহাঙ্গীর আলম মানিক ও সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন সভাপতি রফিকুল ইসলাম রবি এবং শুভাকাঙ্ক্ষী মওদুদ আহমেদ সাকিল চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। তারা শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবায়নে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, সময়ের সদ্ব্যবহার, প্রয়োজনীয় দক্ষতা অর্জন, নিয়মিত বই পড়া এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সেনবাগ পাঠাগারের সাধারণ সম্পাদক হায়দার হাসান। সংগঠনের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান।
সেনবাগ পাঠাগারের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া, উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্মকে জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও মানবিক মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৩ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
এমকে/বিএম২৪








