ডেঙ্গু প্রতিরোধে শরীয়তপুর শহরে পরিচ্ছন্নতা অভিযানে এমপি সাঈদ আহমেদ
সূত্রঃ সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে শরীয়তপুরেও শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের ৬৪ জেলা ও ৫০৩ উপজেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে প্রত্যক্ষ করেন সংশ্লিষ্টরা।
এর ধারাবাহিকতায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা। পরে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে শহরে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম, পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন সরদার, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনসিসির সদস্য ও রাজনৈতিক ব্যক্তিরা।
অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস এবং সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার ওপর গুরুত্ব দেয়া হয়।
সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এ অভিযান চলবে। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ এ সময়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করাকে কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে ধরা হয়েছে।
সরকারের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে শুধু মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে বাড়িঘর, আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেয়ার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
এমকে/বিএম২৪









