ডেঙ্গু প্রতিরোধে গাজীপুরে তিন মাসের বিশেষ কার্যক্রম শুরু

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম
ডেঙ্গু প্রতিরোধে গাজীপুরে তিন মাসের বিশেষ কার্যক্রম শুরু

সূত্রঃ সংগৃহীত

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি


ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ কার্যক্রম। প্রধানমন্ত্রী জাতীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সব জেলা প্রশাসক অনলাইনে সরাসরি যুক্ত হন। এর ধারাবাহিকতায় গাজীপুরেও শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম।


গাজীপুরে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূঁইয়া, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান এবং জেলা সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, বিএনসিসি ক্যাডেট, স্কাউট, রেড ক্রিসেন্ট, শিক্ষক ও সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেয়া হয়।


পরে জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার ও জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার মশক নিধন ওষুধ স্প্রে এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।


এ সময় বিভিন্ন এলাকায় মশক নিধন ওষুধ ছিটানো এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।


তিন মাসব্যাপী এ কার্যক্রমের আওতায় এডিস মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, নিয়মিত মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে।


সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি। বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।


এমকে/বিএম২৪