রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (২৪ আগস্ট) বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান। পরে তিনি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম, আদালত পরিচালনা এবং বিচার বিভাগের বিদ্যমান নানা চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, প্রধান বিচারপতি সাক্ষাৎকালে বিচারাঙ্গনে মামলার জট, দক্ষ জনবলের ঘাটতি ও কাঠামোগত বিভিন্ন সংকটের বিষয় তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে তিনি রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
প্রধান বিচারপতি বলেন, প্রতিদিন যতসংখ্যক মামলা নিষ্পত্তি হচ্ছে, তার চেয়ে বেশি মামলা নতুন করে দায়ের হচ্ছে। ফলে ক্রমবর্ধমান মামলার জট নিরসন কঠিন হয়ে পড়ছে।
এ সময় রাষ্ট্রপতি মামলার চাপ কমাতে সালিশি নিষ্পত্তি ও গ্রাম আদালত ব্যবস্থাকে আরও বিস্তৃত এবং কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিচার বিভাগের অন্যান্য সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
সাক্ষাতে রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪








