চকবাজারে ভয়াবহ আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন চার ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। সরু গলি, প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।
সোমবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সাততলা ভবনটির ষষ্ঠ তলায় আগুন লেগেছে। ওই তলায় বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। গুদামগুলোর দরজা তালাবদ্ধ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে সময় লাগছে।
এর আগে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা শাহজাহান হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করা ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়েছে। সরু গলির কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঘটনাস্থলে প্রবেশ করতে পারছে না। পাশাপাশি প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে। প্রয়োজনে ইউনিটের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে কর্মীরা। প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করলেও পরে পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।








