সিংগাইরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০৩:৪৮ এএম
সিংগাইরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সোহরাব হোসেন,   সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কাঞ্চননগর গ্রামের নেওয়াজ উদ্দিনের ছেলে কবির হোসেন (৩০) এবং রফি মিস্ত্রির ছেলে শহিদুল ইসলাম (২৫)। তারা দু'জনই কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ওইদিন বিকেলে কবির হোসেন ও শহিদুল ইসলাম নিজ গ্রামের ফসলের মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। কাজ করা অবস্থায় আকস্মিক বজ্রপাতে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে সাভারের হেমায়েতপুরস্থ জামাল ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও নিহতের পরিবারে চলছে মাতম।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বৃষ্টির সময় খোলা মাঠে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের আবহাওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।