পরশু থেকে কমপ্লিট একাডেমিক শাটডাউনে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। ২৪ জন শিক্ষকের পদোন্নতির দাবিতে আগামী পরশু থেকে বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ১০২ জন শিক্ষক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রথমে কর্মবিরতি এবং পরে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হবে। পাশাপাশি প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকরাও তাদের কার্যক্রম থেকে বিরত থাকবেন।
শিক্ষকরা জানান, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদোন্নতি জটিলতা বিদ্যমান। এর মধ্যে University Grants Commission (ইউজিসি)-এর সাম্প্রতিক নির্দেশনায় বলা হয়েছে, চ্যান্সেলরের অনুমোদিত সংবিধি ছাড়া পদোন্নতি বৈধ হবে না। এতে বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক কার্যক্রম ও শিক্ষার্থীদের ডিগ্রির বৈধতা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে দাবি করেন তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রয়োজনীয় সংবিধি ও বিধিমালা অনুমোদন না থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আইনি ঝুঁকিতে পড়তে পারে। এই পরিস্থিতিতে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষক সমাজ একাডেমিক কার্যক্রম চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।









