মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
সাব্বির, মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) Institutional Quality Assurance Cell (IQAC)-এর উদ্যোগে “BAC Accreditation Criteria and Preparation of Evidence” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সেমিনার হলে এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। BAC-এর নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে সঠিকভাবে প্রমাণভিত্তিক কার্যক্রম পরিচালনা করলে আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও উল্লেখ করেন, শুধু নীতিমালা সম্পর্কে ধারণা থাকলেই হবে না, বরং সঠিক ডকুমেন্টেশন ও প্রমাণ সংরক্ষণ অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ খাইরুল ইসলাম এবং সঞ্চালনা করেন অধ্যাপক ড. শাহ আদিল ইশতিয়াক।
কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, Program Self Assessment Committee (PSAC)-এর সদস্য এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে BAC-এর অ্যাক্রেডিটেশন মানদণ্ড, প্রয়োজনীয় ডকুমেন্টেশন এবং প্রমাণ প্রস্তুতের বিভিন্ন দিক তুলে ধরা হয়। আইকিউএসি পরিচালক জানান, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) বিভিন্ন মানদণ্ড নির্ধারণ করে এবং বিশ্ববিদ্যালয়গুলোকে তা অনুসরণে উৎসাহিত করে।









