রাজশাহী বোর্ডে ৯৯% উপস্থিতিতে নিয়ে শুরু এসএসসি পরিক্ষা ২০২৬

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম
রাজশাহী বোর্ডে ৯৯% উপস্থিতিতে নিয়ে শুরু এসএসসি পরিক্ষা ২০২৬

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:

বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা। প্রথম দিনেই প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থীর উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড।

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৯ হাজার ৫৭৫ জন। এর মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৮১৬ জন পরীক্ষায় অংশ নিয়েছে। অনুপস্থিত ছিল ১ হাজার ৭৫৯ জন।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনের পরীক্ষায় কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হয়নি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অনিয়মের খবর পাওয়া যায়নি। সার্বিকভাবে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, রাজশাহী বিভাগের আট জেলায় মোট ২৭৪টি কেন্দ্রে এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।