মাদকাসক্ত বহিরাগতের ছুরি হামলায় মাভাবিপ্রবির শিক্ষার্থী আহত

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১১:২২ এএম
মাদকাসক্ত বহিরাগতের ছুরি হামলায় মাভাবিপ্রবির শিক্ষার্থী আহত

সাব্বির, মাভাবিপ্রবি প্রতিনিধি:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে এক বহিরাগত যুবকের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত মারুফ হোসেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাউসার আহমেদ (২৫) নামে এক ব্যক্তি মাদকাসক্ত অবস্থায় সেখানে এসে শিক্ষার্থীদের সঙ্গে বিশৃঙ্খল আচরণ শুরু করেন। এক পর্যায়ে তিনি হঠাৎ করেই ধারালো অস্ত্র দিয়ে মারুফসহ কয়েকজনের ওপর হামলা চালান। এতে মারুফ গুরুতরভাবে আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসা প্রক্টরের প্রতিও আক্রমণাত্মক আচরণ করেন ওই ব্যক্তি।

পরে আহত মারুফকে দ্রুত উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

ঘটনার পরপরই শিক্ষার্থী ও নিরাপত্তা কর্মীরা মিলে অভিযুক্তকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়।

আহত মারুফ বলেন, তারা বন্ধুরা মিলে বসেছিলেন, এমন সময় ওই ব্যক্তি এসে প্রথমে মেয়েদের উত্যক্ত করতে থাকে এবং হঠাৎ করেই ছুরি নিয়ে হামলা চালায়। এতে তিনি ছাড়াও আরও কয়েকজন আহত হন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. নান্নুর রহমান জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা বাড়াতে এবং বহিরাগতদের অনুপ্রবেশ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

ঘটনার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।