নারীর অংশগ্রহণ ছাড়া উন্নয়ন অসম্পূর্ণ: রিজভী
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন পরিবারের নারী নেতাকর্মীরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। নানা প্রতিকূলতা ও সংকটের মধ্যেও দলের চেয়ারম্যান তারেক রহমান সাহসিকতা ও দেশপ্রেমের সঙ্গে দলকে সুসংগঠিত রেখে নেতৃত্ব দিচ্ছেন।
নারীর ক্ষমতায়ন ও শিক্ষার উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি বরাবরই নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। খালেদা জিয়ার সরকারের সময়ে মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। বর্তমান সরকার তা স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নে নারীদের আরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব দেশের সরবরাহ ব্যবস্থায় পড়েছে। সংকট মোকাবিলায় গ্যাস আমদানিসহ বিভিন্ন বিকল্প উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে গণপরিবহন পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাজার নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে সরকার কাজ করছে।
সম্প্রতি অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, নারীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনকারীরা কাপুরুষ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে জাতীয়তাবাদী মহিলা দল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। তারা জিয়া দম্পতির কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
এমকে/বিএম২৪









