‘জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথে হাঁটছে’

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম
‘জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথে হাঁটছে’

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুরোনো পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।


শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর সবুজবাগ-মুগদা জোনের রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী ছয় মাসে বিএনপি সরকার রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যে দলীয়করণ করেছে, তা পতিত আওয়ামী লীগের ১৭ বছরের দলীয়করণকেও ছাড়িয়ে গেছে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে ক্ষমতায় এলেও সরকার এখন ‘সবার আগে বিএনপি’ নীতিতে চলছে বলেও মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠান, এমনকি মসজিদ-মাদ্রাসার মতো সামাজিক প্রতিষ্ঠানেও দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশে তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য চলছে বলেও অভিযোগ করেন তিনি।


১১-দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, সংসদে জনগণের দাবি মেনে না নিলে বিরোধী দল রাজপথে গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার করতে বাধ্য হবে।


তিনি বলেন, জামায়াতে ইসলামী সংসদের ভেতরে জনগণের অধিকার আদায়ের চেষ্টা করছে। কিন্তু গণভোটে জনগণের রায় মেনে সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে এর সমাধান রাজপথেই হবে। জনগণের অধিকার আদায়ে দলটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে প্রয়োজনীয় সব কর্মসূচি পালন করবে।


শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, জনগণের অধিকার আদায়ে জামায়াতে ইসলামী অতীতের মতোই আপসহীন ভূমিকা রাখবে। এ জন্য দলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।


সরকারের ৬৩ শতাংশ মানুষ কাজের প্রতি সন্তুষ্ট—এমন প্রচারণার সমালোচনা করে তিনি বলেন, সরকারের প্রতি জনগণের এই সন্তুষ্টির প্রমাণ হিসেবে তাদের কোনো একটি কার্যকর কাজের উদাহরণ প্রকাশ করা উচিত।


সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, মহানগরী কর্মপরিষদ সদস্য ও সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মোবারক হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগরীর মজলিসে শুরার সদস্য ও সবুজবাগ-মুগদা জোনের সহকারী পরিচালক মনির বিন আনোয়ার। এতে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মাওলানা শামসুর রহমান।



এমকে/বিএম২৪