ব্রডের বিস্ফোরক দাবি, টস জিতে বোলিং করলে অস্ট্রেলিয়াও ৬০ রানে অলআউট হতে পারত
সূত্রঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট মাত্র দুই দিনে শেষ হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পিচকে অতিরিক্ত বোলিং সহায়ক উল্লেখ করে তিনি বলেছেন, এই উইকেট অস্ট্রেলিয়ার জন্যও বড় ঝুঁকি তৈরি করেছিল।
রোববার (২৩ আগস্ট) অনুষ্ঠিত টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে অস্ট্রেলিয়া। ম্যাচে দুর্দান্ত বোলিং করে ১০ উইকেট নেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক।
ম্যাচে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ৬৪ এবং দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে অলআউট হয়। একমাত্র ইনিংসে অস্ট্রেলিয়া করে ২১০ রান। তাদের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ক্যামেরন গ্রিন।
‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ ইউটিউব চ্যানেলে আলোচনার সময় ব্রড ম্যাকাইয়ের এমন বোলিং সহায়ক উইকেট তৈরির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, শক্তিশালী সফরকারী দলের বিপক্ষে এমন পিচ বানিয়ে অস্ট্রেলিয়া নিজেরাই বিপদে পড়তে পারত।
ব্রড বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশকে ইনিংসে হারিয়ে সিরিজ সমতায় ফিরলেও পিচ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মিচেল স্টার্ক দারুণ বোলিং করেছেন এবং বল সুইং করার পাশাপাশি উইকেটে স্কিড ও বাউন্স করেছে।
ইংল্যান্ডের সাবেক এই পেসারের মতে, অস্ট্রেলিয়া যদি নিজেদের দলকে প্রতিপক্ষের তুলনায় শক্তিশালী মনে করে, তাহলে এমন পিচে খেলার প্রয়োজন নেই। বরং তুলনামূলক সমতল উইকেটে নিজেদের ব্যাটিং শক্তির ওপর আস্থা রাখা উচিত।
ব্রডের সবচেয়ে আলোচিত মন্তব্যটি আসে বাংলাদেশ টস জিতে প্রথমে বোলিং করলে কী হতে পারত—এ প্রসঙ্গে। তিনি বলেন, বাংলাদেশ টস জিতে আগে বোলিং করলে অস্ট্রেলিয়াকে ৬০ রানের মধ্যেই অলআউট করে বড় বিপদে ফেলতে পারত।
ছয় শতাধিক টেস্ট উইকেট নেওয়া ব্রডের ভাষ্য, পিচে এত বেশি বল স্কিড করেছে এবং নড়াচড়া করেছে যে সেটি অস্ট্রেলিয়ার জন্যও বিপজ্জনক ছিল।
ম্যাচটি শেষ হয় মাত্র ৭৫০ বল বা ৭৫০ ডেলিভারিতে। পুরুষদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি চতুর্থ সংক্ষিপ্ততম টেস্ট। অস্ট্রেলিয়ার ঘরের মাঠে সর্বশেষ সাত টেস্টের মধ্যে এটি তৃতীয় ম্যাচ, যা দুই দিনের মধ্যে শেষ হলো। এর আগে ২০২৫-২৬ অ্যাশেজে পার্থ ও মেলবোর্ন টেস্টও দ্রুত শেষ হয়েছিল।
ফলে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ১-১ সমতায় শেষ হলেও ম্যাকাইয়ের পিচ নিয়ে আলোচনা এখনো থামেনি। ব্রডের মন্তব্য সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে।
এমকে/বিএম২৪








