চবিতে ৩ হাজার বৃক্ষরোপণ করলেন শিক্ষার্থীরা
সূত্রঃ সংগৃহীত
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের পাহাড় ও বিভিন্ন ফাঁকা জায়গায় তিন হাজার বৃক্ষরোপণ ও বিতরণ করেছেন শিক্ষার্থীরা। পরিবেশবাদী সংগঠন বিআরএফ ইয়ুথ ক্লাবের উদ্যোগে শনিবার (২২ আগস্ট) দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সংগঠনটির ৫০ জন স্বেচ্ছাসেবী অংশ নেন। তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছ লাগানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও চারা বিতরণ করেন।
বিআরএফ ইয়ুথ ক্লাবের চবি শাখার সভাপতি নিয়াজ মখদুম বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সবার দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা ও সচেতনতা তৈরি না হলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। পরিবেশবান্ধব চিন্তার প্রসার ঘটাতেই শিক্ষার্থীদের এ উদ্যোগে যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, এর আগে বজ্রপাত প্রতিরোধে সংগঠনটি বিপুলসংখ্যক তালগাছ রোপণ করেছে। পাশাপাশি কক্সবাজার ও সেন্টমার্টিনে কোস্টাল ক্লিনআপ কর্মসূচিতেও অংশ নিয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যেও পরিবেশ রক্ষায় নিয়মিত কাজ করে যাচ্ছেন তারা।
সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমান আব্দুল্লাহ বলেন, বিআরএফ ইয়ুথ ক্লাব জনস্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সচেতনতা বাড়ানো না গেলে ভবিষ্যতে এ ক্ষতির মাত্রা আরও বাড়বে, বিশেষ করে উপকূলীয় ও দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলো বেশি ঝুঁকিতে পড়বে।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা নিয়েও সংগঠনটি কাজ করছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা রয়েছে।
কর্মসূচিতে স্পন্সর হিসেবে ছিল ক্লেমন। প্রতিষ্ঠানটির দেশব্যাপী ‘এক লক্ষ্যে এক লাখ বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবীদের জন্য গাছের চারা সরবরাহ করা হয়।
এমকে/বিএম২৪









