আট দিন পর রাকিবের মরদেহ, শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক
সূত্রঃ বিডি মেইল
মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
খুলনার ভৈরব নদীতে ট্রলার ও ফেরির সংঘর্ষের পর নিখোঁজ হওয়া রাকিব খান (২৮)-এর মরদেহ আট দিন পর উদ্ধার হয়েছে। স্বজনকে হারিয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।
বুধবার (৯ সেপ্টেম্বর) খবর পেয়ে রাকিবের বাড়িতে যান জেলা প্রশাসক। সেখানে তিনি নিহতের মায়ের সঙ্গে দেখা করেন এবং পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের বর্তমান পরিস্থিতির খোঁজ নেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে রাকিবের পরিবারের হাতে তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত, সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদসহ জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের শিয়ালীডাঙ্গা এলাকার কাছে পশুর নদীর পূর্বপাড় থেকে ভাসমান অবস্থায় রাকিবের মরদেহ উদ্ধার করে রূপসা নৌ পুলিশ।
নিহত রাকিব খান রূপসা উপজেলার সেনের বাজার এলাকার হাজীগ্রামের মৃত বাকের খানের ছেলে। আট দিন নিখোঁজ থাকার পর মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
এমন কঠিন সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের পাশে দাঁড়ানোয় কিছুটা হলেও সহযোগিতা পেয়েছে শোকসন্তপ্ত পরিবার। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের পরিবারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।









