কালিয়াকৈরে অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সা লাইসেন্স বিহীন গাড়িটি মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ
সূত্রঃ সংগৃহীত
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ম না মেনে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করায় বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই এসব অটোরিকশা মহাসড়কের বিভিন্ন রুটে নিয়মিত চলাচল করছে বলে অভিযোগ স্থানীয়দের।
শনিবার (২২ আগস্ট) সরেজমিনে দেখা যায়, কালিয়াকৈর থেকে চন্দ্রা, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ী হয়ে চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। এসব যানবাহনের অনেক চালক ট্রাফিক আইন ও মহাসড়কের নিয়ম-শৃঙ্খলা না মেনে চলাচল করছেন বলে অভিযোগ রয়েছে।
উত্তরবঙ্গগামী একটি গাড়ির চালক বলেন, মহাসড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ। এসব যানবাহন নিয়ম না মেনে হঠাৎ করে লেন পরিবর্তন ও ওভারটেক করে। এতে মহাসড়কে যানজট তৈরি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ে।
এক পথচারী বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাগুলো অনেক সময় বেপরোয়া গতিতে মহাসড়কে চলাচল করে। একই সঙ্গে নিয়ম না মেনে অতিরিক্ত ওভারটেক ও বিপরীত দিক থেকে আসা যানবাহনের সামনে ঢুকে পড়ার কারণে সাধারণ মানুষ দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন।
তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। মহাসড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এমকে/বিএম২৪









