কালিয়াকৈরে জুয়ার আসরে অভিযান, আটক ৭
সংগৃহীত
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বিশেষ অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) ভোরে উপজেলার টান কালিয়াকৈর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, নাইম, এরশাদ, শহিদুল, জালাল, আজিজুল, এরশাদুল ও আকাশ বেশ কিছুদিন ধরে ওই এলাকায় নগদ টাকার বিনিময়ে তাসের মাধ্যমে জুয়া খেলে আসছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ সাতজনকে আটক করা হয়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, এলাকায় জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









