কালীগঞ্জে পৃথক অভিযানে ২০৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম
কালীগঞ্জে পৃথক অভিযানে ২০৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

সূত্রঃ বিডি মেইল

মো. শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালীগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) কালীগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাজীপুরের পশ্চিম জয়দেবপুর এলাকার মৃত বাসির মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫) এবং কালীগঞ্জ উপজেলার পানজোরা (কাজীবাড়ী) এলাকার মৃত ফুল বক্স কাজীর ছেলে সোহেল কাজী (৩৮)।


পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে জুয়েল মিয়ার কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০ গ্রাম। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটির তদন্ত করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুরের একজন কর্মকর্তা।


অন্যদিকে, পৃথক অভিযানে সোহেল কাজীর কাছ থেকে ১০১ পিস কথিত লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৩০০ টাকা। এ ঘটনায়ও একই আইনের সংশ্লিষ্ট ধারায় কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।


দ্বিতীয় মামলাটির তদন্ত কর্মকর্তা কালীগঞ্জের উলুখোলা পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মো. ফায়জুর রহমান।


পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।