কুড়িগ্রামে ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০২:০২ পিএম
কুড়িগ্রামে ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

সূত্রঃ সংগৃহীত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি


কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।


মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম সদর থানার ধরলা সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তাররা হলেন খুলনা জেলার ফুলতলা থানার ধোপাখোলা এলাকার মোস্তাকিন কাজী (২৪) ও লিটন কাজী (২৬)। পুলিশ জানিয়েছে, মোস্তাকিন প্রাইভেটকারটির চালক এবং লিটন তার সহযোগী।


ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধরলা সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে মোট ১০ কেজি গাঁজা ছিল বলে জানায় পুলিশ।


পরে ঘটনাস্থল থেকেই প্রাইভেটকারের চালক মোস্তাকিন কাজী ও তার সহযোগী লিটন কাজীকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।


কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।


তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।


মাদক পরিবহনের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।