চট্টগ্রামে জাল টাকা তৈরির মেশিনসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৮:৪০ পিএম
চট্টগ্রামে জাল টাকা তৈরির মেশিনসহ যুবক গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি


চট্টগ্রামে জাল টাকা তৈরির মেশিন ও বিপুল পরিমাণ জাল নোটসহ মো. মহিউদ্দিন প্রকাশ মহিন উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।


সিএমপি ডিবির বন্দর-পশ্চিম বিভাগের টিম-৫৩-এর একটি দল গত ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানার আফমী প্লাজার সামনে বাদশা মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় মহিউদ্দিনের কাছ থেকে ৪০ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, এ ঘটনায় ১৪ আগস্ট পাঁচলাইশ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫এ ধারায় মামলা করা হয়। পরে মহিউদ্দিনকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জাল টাকা তৈরির মেশিন ও আরও জাল নোট থাকার তথ্য দেন।


তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) রাত ১২টা ৪৫ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর তৈয়্যবীয়া হাউজিং সোসাইটির কালা সালামের বাড়িতে রাবেয়ার ভাড়া বাসায় অভিযান চালায় ডিবি। সেখান থেকে একটি জাল টাকা তৈরির মেশিন, ১০০ টাকার ৪৩টি জাল নোট, ৫০০ টাকার ২৪টি জাল নোট ও ১ হাজার টাকার দুটি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা জাল নোটের মোট মূল্য ১৮ হাজার ৩০০ টাকা।


এ ছাড়া একটি কাঁচের গ্লাসও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশের ভাষ্য, আসামি নিজ হাতে এসব সামগ্রী বের করে দেওয়ার পর তার দেখানো স্থান থেকে সেগুলো জব্দ করা হয়। রিমান্ড শেষে মহিউদ্দিনকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিএমপি।