চবিতে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাসের’ বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ১২:৩৮ এএম
চবিতে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাসের’ বৃক্ষরোপণ কর্মসূচি

সূত্রঃ সংগৃহীত

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি


পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও ক্যাম্পাস সবুজায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


‘ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ ২.০’ শীর্ষক এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘শত হাতে, সহস্র চারা’ ও ‘Plant A Tree, Grow A Future’। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল ও আলাওল হল প্রাঙ্গণ থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পরিবেশপ্রেমী ও বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা অংশ নেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক ড. চৌধুরী মনিরুল হাসান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিন এবং সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বৃক্ষরোপণের মতো কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি সবাইকে সঙ্গে নিয়ে একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন বিভাগের সদস্যরা কর্মসূচিটি বাস্তবায়ন করেন।


আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুদূষণ কমানো ও ক্যাম্পাসের তাপমাত্রা নিয়ন্ত্রণে বৃক্ষরোপণের মতো ধারাবাহিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু সচেতনতা সৃষ্টি নয়, পরিবেশ রক্ষায় সরাসরি অংশগ্রহণের মাধ্যমেই টেকসই ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।


কর্মসূচি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত করে তুলতে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা। একই সঙ্গে এসব কার্যক্রমে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তাঁরা।