পাবনায় কৃষকদের সচেতনতায় মতবিনিময়, বিতরণ হলো ফলজ-বনজ চারা

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ১২:৩৬ এএম
পাবনায় কৃষকদের সচেতনতায় মতবিনিময়, বিতরণ হলো ফলজ-বনজ চারা

ছবি: বিডিমেইল

আব্দুল কাইউম


পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর পূর্বপাড়ায় তৃণমূল কৃষক-কৃষাণীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কৃষকদের মধ্যে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা এবং সবজি বীজ বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (২০ আগস্ট) লোকসংস্কৃতি পরিষদ পাবনার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


মতবিনিময় সভায় কৃষিজমিতে সারের সঠিক ব্যবহার, অতিরিক্ত কীটনাশকের ক্ষতিকর প্রভাব, সরকারি কৃষি প্রণোদনা, গাছ লাগানোর সঠিক পদ্ধতি এবং বীজ সংরক্ষণ বিষয়ে কৃষকদের সচেতন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজা খাতুন মুন্নি। কৃষক হাজী মকছেদ প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লোকসংস্কৃতি পরিষদ পাবনার আহ্বায়ক আব্দুল কাইউম তমাল।


প্রধান অতিথির বক্তব্যে মাহফুজা খাতুন মুন্নি কৃষকদের নিরাপদ ও আধুনিক কৃষিপদ্ধতি অনুসরণের আহ্বান জানান। তিনি প্রয়োজনের অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার না করার পরামর্শ দেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।


আলোচনা শেষে উপস্থিত কৃষক-কৃষাণীদের মধ্যে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা এবং সবজি বীজ বিতরণ করা হয়। পরে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে গাছ লাগানোর কর্মসূচিও পালন করা হয়।


এ সময় মো. জামাল মন্ডল, মো. কামাল মন্ডল, হাসেম প্রাং, সাদাত বাহার, শুকরাজ সোহেল, মো. শিবলী, মো. হিমেলসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।