মানিকগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সূত্রঃ বিডি মেইল
সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ ফাইনালে আনোয়ার আমিনুর ফুটবল একাডেমিকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কালাচান মিয়া স্পোর্টিং ক্লাব।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার উত্তর জামশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় অগ্রণী সংঘের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলার নির্ধারিত সময়ে কালাচান মিয়া স্পোর্টিং ক্লাব ও আনোয়ার আমিনুর ফুটবল একাডেমি ১-১ গোলে সমতায় থাকে। পরে ট্রাইবেকারে আনোয়ার আমিনুর ফুটবল একাডেমিকে পরাজিত করে কালাচান মিয়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল এবং রানার্সআপ দলকে একটি ফ্রিজ দেওয়া হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য শেখ ফরিদ উদ্দিন আহমেদ খেলা পরিচালনা করেন। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. জিল্লুর রহমান ও মো. ইরফান খান।
জামশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল মজিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আবদুল জলিল। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাজী ইয়াকুব হোসেন রাজা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল লতিফ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, দৈনিক আমার দেশ-এর সিংগাইর প্রতিনিধি আব্দুল মোতালেব, জামশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, স্থানীয় অগ্রণী সংঘের সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আকাশ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে পাঁচ সহস্রাধিক দর্শকের সমাগম ঘটে।








