সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ন্যাশনাল ডক্টরস ফোরামের আলোচনা সভা
সূত্রঃ সংগৃহীত
রবিউল মোল্লা,শরীয়তপুর জেলা প্রতিনিধি
পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ন্যাশনাল ডক্টরস ফোরাম (দক্ষিণ)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, সুন্নাহ, মানবিক মূল্যবোধ এবং সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে তাঁর কালজয়ী আদর্শের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেশের প্রখ্যাত চিকিৎসাবিদ অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল এবং বিশিষ্ট সমাজসেবক ও জাতীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় তাঁর সুন্নাহ অনুসরণের মাধ্যমেই প্রকৃত শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মানবজাতির সার্বিক মুক্তির জন্য মহানবীর সেবামূলক ও মানবিক নীতিমালার বাস্তবায়ন সময়ের দাবি।”
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল চিকিৎসা পেশাকে নববী আদর্শে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রোগীদের সেবা প্রদান এবং চিকিৎসকদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে সিরাতের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুকরণীয়।
অন্যান্য বক্তারা মহানবী (সা.)-এর পবিত্র সুন্নাহ অনুসরণ এবং সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নিয়মিত এ ধরনের সিরাত মাহফিল ও সেমিনার আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এমকে/বিএম২৪









