অবসর ভেঙে ফিরছেন রোনালদিনহো, ইতালির ক্লাব রাভেন্নায় নতুন অধ্যায়

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০২:২৩ পিএম
অবসর ভেঙে ফিরছেন রোনালদিনহো, ইতালির ক্লাব রাভেন্নায় নতুন অধ্যায়

স্পোর্টস ডেস্ক:

শিরোনামটি দেখে অনেকেই হয়তো চমকে উঠবেন। ভাবতে পারেন, ২০১৫ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানানো ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কি তবে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন? উত্তর হলো—হ্যাঁ, তবে ব্রাজিল জাতীয় দলে নয়; ইতালির তৃতীয় স্তরের ফুটবল লিগ সিরি ‘সি’-এর ক্লাব রাভেন্নার হয়ে নতুন এক ভূমিকায় মাঠে নামছেন তিনি।

ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৪৬ বছর বয়সী রোনালদিনহো অবসর ভেঙে রাভেন্নার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, ক্লাবটির অংশীদার হিসেবেও যুক্ত হচ্ছেন তিনি। জানা গেছে, ক্লাবটির শেয়ার কেনার পাশাপাশি উন্নয়ন প্রকল্পেও বিনিয়োগ করবেন সাবেক এই ব্রাজিলিয়ান তারকা।

রাভেন্না ক্লাবের সভাপতি ইনাৎসিও চিপরিয়ানি বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরেই রোনালদিনহোকে ক্লাবের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে আসছিলেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রোনালদিনহোর নাম ঘোষণা করবে ক্লাবটি।

নতুন এই যাত্রা নিয়ে দারুণ উচ্ছ্বসিত রোনালদিনহো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “নতুন রং, কিন্তু একই হাসি। আমি আবারও বল নিয়ে নাচতে এবং ইনাৎসিও চিপরিয়ানির পরিবারের সঙ্গে নতুন একটি গল্প লিখতে মুখিয়ে আছি। ফুটবল সবসময়ই আমার কাছে আনন্দের উৎস। সেই আনন্দের অনুভূতিটাই আমি রাভেন্নায় নিয়ে যেতে চাই।”

তবে নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচে নয়, বিশেষ কিছু ম্যাচে রোনালদিনহোকে মাঠে দেখা যাবে বলে জানা গেছে। পাশাপাশি ক্লাবটির বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমেও নিয়মিত অংশ নেবেন তিনি।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রতিভাবান খেলোয়াড় হিসেবে বিবেচিত রোনালদিনহো ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পান। ২০০৫ সালে জেতেন ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মাননা ব্যালন ডি’অর। এছাড়া ২০০৬ সালে বার্সেলোনাকে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

২০১৫ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানানোর পর প্রায় এক যুগ কেটে গেছে। দীর্ঘ সময় পর তার এই প্রত্যাবর্তনের খবরে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। যদিও এটি পূর্ণাঙ্গভাবে প্রতিযোগিতামূলক ফুটবে প্রত্যাবর্তন নয়, তবুও রোনালদিনহোর মাঠে ফেরার সম্ভাবনাই ভক্তদের জন্য বড় আনন্দের সংবাদ হয়ে এসেছে।