আর্জেন্টিনার নাম ভাঙিয়ে ভারতে শত কোটি টাকার দুর্নীতি, জানতেন না মেসিরাও!

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৪:০৪ পিএম
আর্জেন্টিনার নাম ভাঙিয়ে ভারতে শত কোটি টাকার দুর্নীতি, জানতেন না মেসিরাও!

সূত্রঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক



লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলের কেরালা সফর ঘিরে ভারতে যে ব্যাপক প্রচারণা চালানো হয়েছিল, সেটিই এখন বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে। কেরালা সরকারের প্রাথমিক তদন্তে প্রায় ১২৬ কোটি রুপির গরমিলের তথ্য উঠে এসেছে। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, তদন্তে এমন কোনো শক্ত প্রমাণ মেলেনি যে মেসি বা আর্জেন্টিনা দল আদৌ কেরালায় খেলতে যাওয়ার বিষয়ে সম্মতি দিয়েছিল।


ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কেরালার বর্তমান সরকারের ক্রীড়া বিভাগের বিশেষ সচিব এন প্রশান্তের দেওয়া তদন্ত প্রতিবেদনে পুরো আয়োজনকে ‘ভুয়া’ বলে সন্দেহ করা হয়েছে। তিনি বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করতে ভিজিল্যান্স বিভাগ ও কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে কাজে লাগানোর সুপারিশ করেছেন। প্রতিবেদনটি ইতোমধ্যে কেরালার মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।


অভিযোগের কেন্দ্রে রয়েছে আর্জেন্টিনা দলকে কেরালায় আনার অন্যতম প্রধান উদ্যোক্তা রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি (আরবিসি)। প্রতিষ্ঠানটির দাবি ছিল, আর্জেন্টিনা দলকে কেরালায় আনতে প্রায় ১২৬ কোটি রুপি অগ্রিম দেওয়া হয়েছে। তবে তদন্তকারীদের কাছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ওই অর্থ দেওয়ার কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা।


এএফএর কাছ থেকে অর্থ গ্রহণের স্বীকৃতিপত্র, সফরসংক্রান্ত চুক্তি কিংবা কেরালা সরকার, আরবিসি ও এএফএর মধ্যে কোনো আনুষ্ঠানিক সমঝোতার নথিও পাওয়া যায়নি। ফলে এত বড় একটি আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের পেছনে আদৌ বৈধ চুক্তি বা অনুমোদন ছিল কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে।


তদন্তে আরও জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে অর্থ পাঠানোর অনুমতি চেয়েছিল আরবিসি। সরকার অনুমতি দিলেও সেই প্রতিষ্ঠানের মাধ্যমে এএফএকে অর্থ পাঠানোর কোনো প্রমাণ দিতে পারেনি সংস্থাটি। ওই মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও দেশটিতে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত চলার তথ্য উঠে এসেছে।


এ ছাড়া বেসরকারি স্পন্সর নির্বাচন, সরকারি অবকাঠামো ব্যবহারের পরিকল্পনা এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়ায় নিয়ম মানা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তদন্ত প্রতিবেদনে পুরো আয়োজনের স্বচ্ছতা নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করা হয়েছে।


এর আগে কেরালার তৎকালীন ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান অভিযোগ করেছিলেন, আর্জেন্টিনা দল কেরালায় খেলার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি। এমনকি অর্থ পাঠানোর পরও দলটি কথা রাখেনি বলেও দাবি করেছিলেন তিনি।


তবে মেসি ও আর্জেন্টিনা দলের কেরালা সফর নিয়ে তুমুল প্রচারণা চালানো হয়েছিল। এতে রাজ্যজুড়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয় এবং ফুটবলপ্রেমীদের মধ্যে প্রত্যাশাও বাড়ে।


এদিকে, কেরালায় দল নিয়ে না গেলেও চলতি বছর ভারত সফরে এসেছিলেন মেসি। কলকাতা ও মুম্বাইসহ কয়েকটি শহর সফর করেন তিনি এবং দুই সতীর্থও তাঁর সঙ্গে ছিলেন। তবে কেরালা সফরের সঙ্গে সেই ভারত সফরের কোনো সম্পর্ক ছিল কি না, তা নিয়ে তদন্ত প্রতিবেদনে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।





এমকে/বিএম২৪