গ্রিন-স্মিথ জুটি ভাঙলেন শরিফুল

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম
গ্রিন-স্মিথ জুটি ভাঙলেন শরিফুল

সূত্রঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক



মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর বল হাতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়া চাপে পড়লেও স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিনের ৭৭ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত সেই জুটি ভেঙে বাংলাদেশকে স্বস্তি দেন শরিফুল।


দ্বিতীয় সেশনে দুই দলের মিলিয়ে মোট সাতটি উইকেটের পতন হয়। বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার পর অস্ট্রেলিয়া চা-বিরতির আগে ৪ উইকেটে ১১৮ রান তুলেছে। তাদের লিড এখন পঞ্চাশ ছাড়িয়েছে।


অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতেই তাসকিন আহমেদের বলে স্লিপে তানজিদ হাসান তামিমের ক্যাচে ফেরেন ম্যাট রেনশ। ২২ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।


এরপর বল হাতে এসে দুর্দান্ত স্পেল করেন শরিফুল। অষ্টম ওভারের দ্বিতীয় বলেই ট্র্যাভিস হেডকে ইনসাইড এজে বোল্ড করেন তিনি। মাত্র চার বল পর মার্নাস লাবুশেনকেও বোল্ড করে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন বাঁহাতি এই পেসার। মাত্র ৪১ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।


তবে এরপর স্মিথ ও গ্রিনের ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। দুজন মিলে ৭৭ রানের জুটি গড়ে বাংলাদেশের ওপর চাপ তৈরি করেন। শেষ পর্যন্ত দ্বিতীয় স্পেলে ফিরে সেই জুটি ভাঙেন শরিফুল।


স্মিথকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। আম্পায়ার বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত দেওয়ার পর রিভিউ নেন স্মিথ। তবে আম্পায়ার্স কলে সিদ্ধান্ত বহাল থাকে। ৬টি চারে ৭৪ বলে ৪২ রান করে ফেরেন অস্ট্রেলিয়ান ব্যাটার।


এর আগে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল। ব্যাট হাতে দলের সর্বোচ্চ রান করার পর বল হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তিনি।



এমকে/বিএম২৪