শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১০:২৬ এএম
শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি

সংগৃহীত

স্পোর্টস ডেস্ক


অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমে ইতিহাস গড়ছে বাংলাদেশ। ডারউইন টেস্টে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ের পর এবার ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে শতক করা প্রথম বাংলাদেশি ব্যাটার হয়েছেন তিনি।


দ্বিতীয় দিনের ৬৪তম ওভারে নাথান লায়নের বলে লং অফ দিয়ে এক রান নিয়ে ১৮৮ বলে শতক পূর্ণ করেন তানজিদ। তাঁর ইনিংসে রয়েছে ৮টি চার ও একটি ছক্কা। শতক পূর্ণ করার পর হেলমেট খুলে উচ্ছ্বাস প্রকাশ করেন তরুণ এই ওপেনার।


তানজিদের চার বল আগেই হাফসেঞ্চুরি পূর্ণ করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭৪ বলে ফিফটি করেন তিনি। এরপর তানজিদের সঙ্গে বড় জুটি গড়ে দলকে আরও শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছেন শান্ত।


তানজিদের সেঞ্চুরির আগেই অস্ট্রেলিয়ার ১৯৮ রানের প্রথম ইনিংসের সংগ্রহ পেরিয়ে যায় বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে লিডও পেয়ে যায় সফরকারীরা। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ২৩০ রান।


এর আগে দ্বিতীয় দিনের শুরুতে ১ উইকেটে ৯৬ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম সেশনে মুমিনুল হক ও তানজিদ হাসান সাবলীল ব্যাটিং করেন। তবে ৪৯ রানে থামেন মুমিনুল। জশ হ্যাজলউডের বলে তাঁর ব্যাটের কানায় লেগে বল উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির গ্লাভসে জমা পড়ে। ৯৫ বলের ইনিংসে আটটি চার মারেন মুমিনুল।


মুমিনুল ফেরার পর শান্তকে সঙ্গে নিয়ে দলের রান এগিয়ে নিতে থাকেন তানজিদ। এর আগে সাদমান ইসলাম ২০ রানে আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে মুমিনুল ও তানজিদের জুটিতে আসে ১০২ রান।


প্রথম সেশনের শেষে ৭৪ রানে অপরাজিত ছিলেন তানজিদ, আর শান্ত ছিলেন ২৮ রানে। লাঞ্চের বিরতির আগে বাংলাদেশ ২ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়ার চেয়ে ১৭ রানে পিছিয়ে ছিল। বিরতির পর দ্রুত সেই ঘাটতি পূরণ করে লিড নেয় সফরকারীরা।


এর আগে হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা ৬ উইকেটের বোলিংয়ে মাত্র ১৯৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ফলে বলের পর ব্যাট হাতেও দারুণ দাপট দেখিয়ে ডারউইন টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে বাংলাদেশ।


এমকে/বিডিমেইল২৪