১১ নম্বরে নেমে বিরল কীর্তি শরিফুলের

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম
১১ নম্বরে নেমে বিরল কীর্তি শরিফুলের

সূত্রঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক


অস্ট্রেলিয়া সফর বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের ক্যারিয়ারে স্মরণীয় হয়ে থাকবে। ম্যাকাই টেস্টে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ব্যাট হাতেও বিরল এক কীর্তি গড়েছেন তিনি।


বাংলাদেশের ব্যাটিং ধসে ১১ নম্বরে নেমে শরিফুল করেন ১৪ রান। ১৯ বলে তিনটি চারে সাজানো এই ইনিংসটিই তাকে টেস্ট ইতিহাসে বিশেষ এক রেকর্ডের মালিক করেছে। ১১ নম্বরে ব্যাটিংয়ে নেমে দলের হয়ে সর্বোচ্চ রান করার পর একই ইনিংসে পাঁচ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার হয়েছেন তিনি।


এর আগে টেস্টে ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান করার কীর্তি ছিল ১২ জনের। ১৮৮৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ফ্রেডেরিক স্পোফোর্ত ৫০ রান করে এই তালিকায় প্রথম নাম লেখান। পরবর্তী সময়ে বিভিন্ন দেশের আরও ১১ জন ক্রিকেটার ১১ নম্বরে নেমে দলের হয়ে সর্বোচ্চ রান করেন।


তবে তাঁদের কেউই একই ম্যাচে পাঁচ উইকেট নিতে পারেননি। শরিফুল সেই ব্যতিক্রমী কীর্তিই গড়েছেন।


অস্ট্রেলিয়ার ইনিংসে নিজের প্রথম ওভারেই ট্র্যাভিস হেড ও মার্নাস লাবুশেনকে ফিরিয়ে দেন শরিফুল। এরপর দ্বিতীয় স্পেলে স্টিভ স্মিথকে আউট করে গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন। মাত্র পাঁচ বলের ব্যবধানে বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে ফিরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট। পরে মিচেল স্টার্ককেও সাজঘরে পাঠান তিনি।


দিনের খেলা শেষে শরিফুলের শিকার ৬ উইকেট। ফলে ব্যাট হাতে ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান এবং বল হাতে ছয় উইকেট—একই টেস্টে এমন অনন্য পারফরম্যান্সে নিজের নাম ইতিহাসের পাতায় লিখিয়েছেন বাংলাদেশের এই পেসার।



এমকে/বিএম২৪