স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ
সূত্রঃ সংগৃহীত
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবায় সমতা নিশ্চিত করা, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে সুশীল সমাজ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ সলিডারিটির প্রধান কার্যালয়ে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে সলিডারিটি ও বাংলাদেশ হেলথ ওয়াচ।
সভায় কুড়িগ্রামের স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সংকট, সেবাগ্রহীতাদের অধিকার এবং স্বাস্থ্য খাতে জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
হেলথ ওয়াচ জেলা সমন্বয় কমিটির সভাপতি ডা. এসএম আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সলিডারিটির ফোকাল পারসন সুনীল কুমার দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. মো. সুলতানুল আরেফিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, কবি ও সমাজসেবক জ্যোতি আহমেদ, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়ক আব্দুস সালাম, ওয়ার্ল্ড ভিশনের নীতা ফ্লোরা দাস, জাতীয় মহিলা পরিষদের জেলা সভাপতি রওশন আরা চৌধুরী, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, শাহীন আহমেদ ও জাহানুর রহমান খোকনসহ অনেকে।
বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনো প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক ও জনবল সংকট, প্রয়োজনীয় ওষুধের স্বল্পতা, পরীক্ষা-নিরীক্ষার সীমিত সুযোগ, সেবার মান এবং রোগীদের সঙ্গে কাঙ্ক্ষিত আচরণের মতো বিষয়গুলোতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
তারা বলেন, শুধু সরকারি উদ্যোগে স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত মান নিশ্চিত করা সম্ভব নয়। সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, সুশীল সমাজ, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ জরুরি। স্বাস্থ্যসেবার অনিয়ম ও অব্যবস্থাপনা চিহ্নিত করার পাশাপাশি জনগণের মতামত ও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সভায় স্বাস্থ্যসেবায় সমতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং স্বাস্থ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
সভায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, সলিডারিটি, বাংলাদেশ হেলথ ওয়াচসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তারা কুড়িগ্রামের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবায় জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সেবার মান উন্নয়নে এ ধরনের সমন্বয় সভা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪









