নারী পুলিশকে চড় মারলেন নেতার মেয়ে, খেলেন পাল্টা থাপ্পড়
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
নারী পুলিশ কর্মকর্তাকে চড় মারলেন স্থানীয় এক নেতার মেয়ে। সঙ্গে সঙ্গে পাল্টা থাপ্পড় বসিয়ে দেন ওই নারী পুলিশও। সেই ঘটনার দৃশ্য এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিকে যোগাযোগমাধ্যমগুলোতে।
ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকে। অভিযুক্ত নারী স্থানীয় বিজেপি বিধায়কের মেয়ে।
জানা যায়, গত ১২ আগস্ট কর্ণাটকের মান্ডিয়া জেলার আরাথি উক্কাদা মন্দিরে বিশেষ নিরাপত্তার দায়িত্বে ছিলেন সাব-ইন্সপেক্টর সবিতা বি।
অভিযোগ অনুযায়ী, মন্দিরে দর্শনের জন্য অপেক্ষা করা নিয়ে পুলিশের সঙ্গে ওই নেতার মেয়ের কথা কাটাকাটি হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কথা কাটাকাটির একপর্যায়ে ওই নেতার মেয়ে নারী পুলিশ কর্মকর্তার মুকে চড় মারেন। সঙ্গে সঙ্গে পুলিশ কর্মকর্তাকেও ওই নারীকে পাল্টা থাপ্পড় মারেন।
এ সময় ঘটনাস্থলে থাকা অন্য পুলিশ সদস্যসহ কয়েকজন এগিয়ে এসে দুজনকে আলাদা করার চেষ্টা করেন।
পুলিশের অভিযোগে বলা হয়েছে, দর্শনে যেতে দেরি হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওই নারী সাব-ইন্সপেক্টরকে গালিগালাজ ও চড় মারেন।
অভিযুক্ত নারী হলেন তুমাকুরু রুরাল আসনের বিজেপি বিধায়ক বি সুরেশ গৌড়ার মেয়ে ঐশ্বরিয়া। তিনি আবার সহকারী পুলিশ কমিশনার (এসিপি) গৌতমের স্ত্রী।
ঘটনার পর ঐশ্বরিয়ার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ভারতের ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনেরএসের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সরকারি কর্মীকে দায়িত্ব পালনে বাধা দিতে হামলা বা অপরাধমূলক শক্তি প্রয়োগ, ইচ্ছাকৃতভাবে আঘাত করা, শান্তিভঙ্গ উসকে দেওয়ার উদ্দেশ্যে অপমান এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
মান্ডিয়ার পুলিশ সুপার মাল্লিকার্জুন বালাদান্ডি জানিয়েছেন, ঐশ্বরিয়াও পাল্টা অভিযোগ করেছেন। তার অভিযোগ, ওই নারী পুলিশ কর্মকর্তা তাকে গালিগালাজ করেছেন।
পুলিশ জানিয়েছে, দুই পক্ষের অভিযোগই তদন্ত করা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
এমকে/বিএম২৪









