বাংলাদেশি ইসলামী বক্তাদের পশ্চিমবঙ্গে প্রবেশ নিয়ে শুভেন্দুর হুঁশিয়ারি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম
বাংলাদেশি ইসলামী বক্তাদের পশ্চিমবঙ্গে প্রবেশ নিয়ে শুভেন্দুর হুঁশিয়ারি

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


বাংলাদেশ থেকে কোনো ইসলামী বক্তাকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (১২ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল কংগ্রেস সরকারের সময় বাংলাদেশ থেকে ইসলামী বক্তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে আসতেন। তবে বিজেপি সরকারের আমলে তাদের আর পশ্চিমবঙ্গে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।


বাংলাদেশ থেকে প্রায় দুই বছর আগে পশ্চিমবঙ্গে আসা এক ধর্মীয় বক্তার বক্তব্যের প্রসঙ্গ তুলে শুভেন্দু দাবি করেন, ওই বক্তা জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে জনবিন্যাস পরিবর্তনের কথা বলেছিলেন।


তিনি বলেন, দুই বছর আগে বসিরহাটে একটি ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা এক বক্তা যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ তুলে জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে তা মোকাবিলার কথা বলেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ওই বক্তা পশ্চিমবঙ্গে এসে জনসংখ্যা বৃদ্ধি ও জনবিন্যাস পরিবর্তনের কথা বলেছিলেন।


শুভেন্দুর দাবি, এ ধরনের বক্তব্যের কারণে পশ্চিমবঙ্গে ‘আধ্যাত্মিক জাগরণের’ প্রয়োজন রয়েছে।


২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময়ে মন্তব্য করে আসছেন শুভেন্দু অধিকারী। ওই সময় তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগও তুলেছিলেন। তবে এসব অভিযোগের পক্ষে ওই প্রতিবেদনে নির্দিষ্ট কোনো প্রমাণ বা সূত্র উল্লেখ করা হয়নি।


এমকে/বিএম২৪