শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পিএম
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

সূত্রঃ সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি


বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দারিয়াতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলো—দারিয়াতলা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে জান্নাতি (১১) এবং মোস্তাক শেখের মেয়ে লামিয়া (৮)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় জান্নাতি ও লামিয়া। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়। পরে ঘেরে মাছের খাবার দিতে গিয়ে স্থানীয়রা পানিতে তাদের দেখতে পান।


স্থানীয়রা দ্রুত দুই শিশুকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।


মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।


দুই চাচাতো বোনের আকস্মিক মৃত্যুতে দারিয়াতলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।


এমকে/বিএম২৪