গাজীপুরে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের তাগিদ প্রতিমন্ত্রী হাবিবের
সূত্রঃ সংগৃহীত
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গাজীপুরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, মাদকই বিভিন্ন অপরাধের অন্যতম মূল কারণ। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবার আগে মাদক নির্মূল করতে হবে।
রোববার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে মাদকের বড় ভূমিকা রয়েছে। তাঁর দাবি, প্রায় ৯৫ শতাংশ অপরাধের সঙ্গে কোনো না কোনোভাবে মাদকের সম্পৃক্ততা রয়েছে। তাই অপরাধ নিয়ন্ত্রণে মাদক নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ড কোনোভাবেই ভালো ফল বয়ে আনবে না। এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।
গাজীপুরের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন বলেন, গাজীপুরে অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এখন বেশি কথা নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু শ্রীপুরে পুলিশের ভূমিকা আরও জোরদারের আহ্বান জানান।
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, আগে তিনি বিরোধী দলে ছিলেন, এখন সরকারদলীয় সংসদ সদস্য। ফলে মানুষের প্রত্যাশাও অনেক বেশি। দীর্ঘ সময় মেয়র হিসেবে বিভিন্ন সভায় অনেক কথা বলেছেন। এবার বেশি কথা না বলে কাজের মাধ্যমে ফল দেখাতে হবে।
গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী কাপাসিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি গরু চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকের বিস্তারের কথা তুলে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভায় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. শওকত হোসেন সরকার বলেন, জেলা ও মহানগর একসঙ্গে কাজ করছে। গাজীপুরের সার্বিক পরিস্থিতির উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
সভায় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪








