আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
সংগৃহীত
ডেস্ক রিপোর্ট
ব্যারিস্টার জাইমা জারনাজ রহমানের জন্মদিন আজ ২৫ অক্টোবর। ১৯৯৫ সালের এই দিনে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা।
জাইমা রহমানের দাদা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজনৈতিক ঐতিহ্যসমৃদ্ধ পরিবারে জন্ম হলেও তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত পরিচয় গড়ে তুলেছেন আইন অঙ্গনে।
শিক্ষা ও পেশাগত জীবন
জাইমা রহমান যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইনার টেম্পল থেকে ২০১৯ সালে ব্যারিস্টার ডিগ্রি লাভ করেন। ২০২৬ সালের জুনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ৭৩তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির প্রতিনিধি হিসেবে অংশ নেন তিনি। ওই সফরে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান জাইমা রহমান।
মানবিক কর্মকাণ্ডেও সম্পৃক্ততা
পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা সামাজিক উন্নয়ন সংস্থা ‘সুরভী’র পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন তিনি। শিক্ষা, সামাজিক অন্তর্ভুক্তি, সুশাসন ও মানুষের অধিকার নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে তাঁর।
জন্মদিনে শুভানুধ্যায়ীদের প্রত্যাশা, আইন ও জনসেবার ক্ষেত্রে নিজের দক্ষতা কাজে লাগিয়ে আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ব্যারিস্টার জাইমা রহমান।
শুভ জন্মদিন, ব্যারিস্টার জাইমা রহমান।
এমকে/বিএম২৪









