হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩৫৬

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩৫৬

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ১ হাজার ৩৫৬ জন। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে।


রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।


বুলেটিনের তথ্য অনুযায়ী, চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১২৩ জন। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।


গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬২৬ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২২৫ জন, বরিশালে ১৩৫ জন, সিলেটে ১৩৩ জন, ময়মনসিংহে ১০৭ জন, খুলনায় ৬০ জন, রংপুরে ৩৯ জন এবং রাজশাহী বিভাগে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন।


এদিকে, একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ১৬৪ জনে। তাঁদের মধ্যে ২৩ হাজার ৪০০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।


এমকে/বিএম২৪