কালীগঞ্জে প্রতিবন্ধী নারীর জমি দখলের চেষ্টা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
সংগৃহীত
মোঃ শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে এক বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে জমি জবরদখল, গাছ কেটে ক্ষতিসাধন, প্রতিবন্ধী নারীসহ পরিবারের সদস্যদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শনে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামের মৃত বিল্লাল উদ্দিনের ছেলে নুরু মিয়া ও তাঁর প্রতিবন্ধী বোনের পৈতৃক জমির পাশে জমি কেনেন ধানমন্ডির মীর সজিবুর রহমান। অভিযোগ অনুযায়ী, কেনা জমির বাইরেও নুরু মিয়াদের সম্পত্তি দখল করে সেখানে পাকা সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা করেন তিনি। এতে বাধা দেন নুরু মিয়া।
অভিযোগে আরও বলা হয়, বাধার মুখে মীর সজিবুর রহমান বক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমেদুল কবির নাইমের সহযোগিতা নেন। গত ২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে তাঁদের নির্দেশে বেরুয়া গ্রামের সামসুদ্দিনের ছেলে রতন মিয়া, মৃত মুকুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন, আউলিয়ার ছেলে নাজমুল ও আতা মিয়া দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে নুরু মিয়াদের জমিতে প্রবেশ করেন।
এ সময় তাঁরা বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিতর্কিত জমিসহ সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন তাঁরা।
নুরু মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা পুনরায় বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁর ভাইয়ের স্ত্রী খালেদা, ভাইঝি আফরিন ও প্রতিবন্ধী বোন শরীফাকে মারধর এবং শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগের বিষয়ে বক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমেদুল কবির নাইম বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। তিনি জমির কোনো পক্ষ নন। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় একটি মহল তাঁকে হেয় করতে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জহিরুল ইসলাম বলেন, বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামের নুরু মিয়া স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে থানায় লিখিত আবেদন করেছেন। ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমকে/বিএম২৪








