মেয়র পদে আব্দুস সালামকে মনোনয়ন দিইনি, সমর্থনের কথা বলেছি: মীর শাহে আলম

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম
মেয়র পদে আব্দুস সালামকে মনোনয়ন দিইনি, সমর্থনের কথা বলেছি: মীর শাহে আলম

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে আব্দুস সালামকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার কথা বলেননি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আগামী নির্বাচনে আব্দুস সালাম মেয়র পদে এবং স্থানীয় কাউন্সিলর টিপু কাউন্সিলর পদে প্রার্থী হলে তাঁদের সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


মীর শাহে আলম জানান, পরিচ্ছন্নতাকর্মীদের একটি নিবাসে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি বক্তব্য দিয়েছিলেন। সেখানে কান্দুলী ও তেলেগু সম্প্রদায়ের ৬৪০টি পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি, কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়। তবে ওই অনুষ্ঠানে দেওয়া তাঁর বক্তব্যের পুরো অংশ প্রচার করা হয়নি বলে দাবি করেন তিনি।


প্রতিমন্ত্রী বলেন, “আমি বলিনি যে আব্দুস সালাম মেয়র পদে প্রার্থী হবেন। আমি বলেছি, আগামী নির্বাচনে সালাম সাহেব এবং স্থানীয় কাউন্সিলর টিপু যদি মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হন, তাহলে তাঁদের সমর্থন দিতে।”


বিএনপির প্রার্থী মনোনয়নের বিষয়ে তিনি বলেন, নতুন আইন অনুযায়ী দলীয় প্রতীক ও দলীয় মনোনয়নের সুযোগ নেই। এ ক্ষেত্রে দল প্রার্থীকে সমর্থন দিতে পারে। সিটি করপোরেশনের মেয়র পদে কাকে সমর্থন দেওয়া হবে, সে সিদ্ধান্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ও জাতীয় স্থায়ী কমিটি নেবে।


নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে মীর শাহে আলম আবারও বলেন, “আমি কাউকে মনোনয়ন দিইনি, দল-সমর্থিত প্রার্থী হিসেবেও কারও নাম ঘোষণা করিনি। আমি শুধু বলেছি, আগামী নির্বাচনে তাঁরা প্রার্থী হলে তাঁদের সমর্থন করবেন।”


এমকে/বিএম২৪