কালীগঞ্জে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন খিদিরপুর একাদশ
সংগৃহীত
মোঃ শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে জাংগালীয়া জায়ান্টস ক্লাবের উদ্যোগে দেড় লাখ টাকা প্রাইজমানির ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে গাজীপুরের শিংলাব ইয়াংস্টার একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নরসিংদীর মাধবদীর খিদিরপুর ফুটবল একাদশ।
জাংগালীয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় খিদিরপুরের
ফাইনাল ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই চলে। উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণের মাধ্যমে গোলের সুযোগ তৈরি করে। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
নির্ধারিত সময়ের খেলায় খিদিরপুর ফুটবল একাদশের আক্রমণভাগের খেলোয়াড়দের প্রচেষ্টায় আসে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি। পিছিয়ে পড়ে সমতা ফেরাতে শিংলাব ইয়াংস্টার একাদশ একের পর এক আক্রমণ চালালেও খিদিরপুরের রক্ষণভাগ ভেদ করতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে খিদিরপুর ফুটবল একাদশ।
প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফজলুল হক মিলন
জাংগালীয়া জায়ান্টস ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির মাস্টার এবং গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্যসচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আবুবকর ছিদ্দিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতা ও গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব মো. খালেকুজ্জামান বাবলু।
এ ছাড়া স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানির চেক তুলে দেন।
টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা।
এমকে/বিএম২৪









