ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
ঢাকার দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলাম (৪৩) ও ওয়াসিম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন জানান, মাদক বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুল ইসলামকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ করা হয় ৫ হাজার ৩১০ পিস ইয়াবা।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতে পাঠানোর পর বিচারক গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখান ও আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।
এদিকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, এএসআই মো. শফিকুল ইসলাম ওই থানায় অনিয়মিত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রেপ্তারের বিষয়টি তারা জানতে পেরেছেন।








