ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন, কমবে বাল্যবিয়ে: আইনমন্ত্রী

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম
ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন, কমবে বাল্যবিয়ে: আইনমন্ত্রী

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বাল্যবিবাহ ও বহুবিবাহ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।


বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বিবাহ ও তালাক নিবন্ধনের তথ্যপ্রযুক্তি অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন।


মো. আসাদুজ্জামান বলেন, বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা চালুর ফলে মামলা কমানো ও দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হয়েছে। এরই মধ্যে মানিকগঞ্জ এলাকায় ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে প্রায় ৫০ শতাংশ মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।


তিনি আরও বলেন, ঝিনাইদহে মাদক মামলায় ডোপ টেস্ট চালুর পর মামলাগুলোর জটিলতা কমেছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও মাদকের বিস্তার কমার বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে।


বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল হলে বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধে নজরদারি আরও কার্যকর হবে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।


ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির পরিচালক শ্বাশতী বিপ্লব বলেন, প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে বাল্যবিবাহের হার কমিয়ে আনা সম্ভব হবে।


তিনি জানান, অনেক সময় সিটি করপোরেশনের তথ্যের সঙ্গে বিবাহ নিবন্ধনের তথ্যের মিল পাওয়া যায় না। কিছু ক্ষেত্রে বাল্যবিবাহের সময় কাজিরা কাগজপত্র রেখে দেন এবং বয়স পূর্ণ হওয়ার পর কাবিননামা সম্পন্ন করেন। এসব অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।


আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা জানান, প্রকল্পটির পাইলট কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। বাস্তবায়নের সময় কোনো ত্রুটি ধরা পড়লে ডিজিটাল ব্যবস্থায় তা সংশোধনের সুযোগ থাকবে।


এমকে/বিএম২৪