ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলার ২৭০ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে সম্মানি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে সম্মানির অর্থ তুলে দেবেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠিত সেলের ৮ম সভায় ফুলগাজীর ২৮০ জনকে সম্মানি দেওয়ার সিদ্ধান্ত হয়।
জনপ্রশাসন উপদেষ্টা জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানির জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কর্মসূচির প্রথম বছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন সুবিধাভোগী এই সম্মানি পাবেন। আগামী চার বছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।
সম্মানি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা জানিয়ে তিনি বলেন, প্রকৃত উপকারভোগীরা যাতে কোনো ধরনের হয়রানি বা অনিয়ম ছাড়াই নির্ধারিত সময়ে তাদের প্রাপ্য অর্থ পান, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এ জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে সরকারি-থেকে-ব্যক্তি (জি-টু-পি) পদ্ধতিতে সম্মানি দেওয়া হবে।
মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও তথ্য সংযোজনের কাজ শেষ হওয়ার পর আগামী মাসের প্রথমার্ধে সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে গত জুলাই থেকে প্রাপ্য সম্মানির অর্থ পৌঁছে দেওয়ার কথা রয়েছে।
সরকারের নির্বাচনি ইশতেহার ২০২৬ অনুযায়ী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানি, উৎসব ভাতা এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানি ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’-এর গেজেটও প্রকাশ করা হয়েছে।
এমকে/বিএম২৪








