তারেক রহমান তৃণমূল রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম
তারেক রহমান তৃণমূল রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে তৃণমূলভিত্তিক রাজনীতির সূচনা করেছেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে হাটে-মাঠে গিয়ে তিনি তরুণদের সংগঠিত করেছেন। এর ধারাবাহিকতাতেই বিএনপি বর্তমান রূপ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।


বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার আয়োজনে ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মঈন খান।


জিয়াউর রহমানের প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাঁর জীবনে শৃঙ্খলা, সততা ও জনগণের সেবার বিষয়টি বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। তাঁর সাহসী ভূমিকার কারণেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এসেছিল বলেও মন্তব্য করেন তিনি।


মঈন খান বলেন, জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে মানুষের সেবায় কাজ করে যেতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার জন্য নেতৃস্থানীয় ব্যক্তিদের জ্ঞান অর্জন ও নিয়মিত পড়াশোনার চর্চা করতে হবে।


তিনি বলেন, পড়াশোনা ছাড়া কোনো জাতি কাঙ্ক্ষিত গৌরব অর্জন করতে পারে না। তাই নেতৃত্ব পর্যায়ে থাকা ব্যক্তিদের জ্ঞানচর্চাকে গুরুত্ব দিতে হবে।


জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা ফাতেমা সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও সংসদ সদস্য নিলুফার চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।



এমকে/বিএম২৪