প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১২:০৪ পিএম
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা।


শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে আসা প্রার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। তারা প্রশ্নফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত করে শাস্তি এবং নিয়োগ পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।


রাজধানীর মতিঝিল বালিকা উচ্চবিদ্যালয়, কলোনি উচ্চবিদ্যালয়, বালক উচ্চবিদ্যালয়, খিলগাঁও মডেল কলেজসহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে প্রার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়।


বিক্ষোভকারীরা জানান, পরীক্ষা স্থগিত হওয়ায় তারা চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধারদেনা করে ঢাকায় এসে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিতের খবর পেয়ে হতাশ হয়েছেন তারা। এ পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলে দাবি করেন প্রার্থীরা।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও পরীক্ষার্থী রুমা রানা বলেন, লাখ লাখ চাকরিপ্রার্থী ঢাকায় থাকেন না। জেলা শহর থেকে ধারদেনা করে, সারা রাত ভ্রমণ করে তারা পরীক্ষা দিতে আসেন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নেন। কিন্তু শেষ মুহূর্তে প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিতের খবর তাদের হতাশ করেছে।


তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শারীরিক পরিশ্রম, আর্থিক ক্ষতি ও ভেঙে যাওয়া স্বপ্নের দায় কে নেবে? প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, লাখ লাখ তরুণের ভবিষ্যৎ নিয়ে এ ধরনের অনিশ্চয়তা গ্রহণযোগ্য নয়।


বিক্ষোভকারীরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। পাশাপাশি দ্রুত কার্যকর সিদ্ধান্ত না এলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।


উল্লেখ্য, শনিবার সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে ১১তম গ্রেডের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে তিন লাখের বেশি প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল এ পরীক্ষায়। এ জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।


এমকে/বিএম২৪