ফেসবুকে এবার ফ্রিতেই মিলবে ভেরিফায়েড ব্যাজ, পাবেন যেভাবে
ডেস্ক রিপোর্ট:
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া প্রোফাইল, ছবি ও পরিচয়ের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সাধারণ ব্যবহারকারীদের জন্য নতুন পরিচয় যাচাই সুবিধা চালু করছে ফেসবুক। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বিনামূল্যে একটি ভেরিফায়েড ব্যাজ পাবেন, যা প্রমাণ করবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি একজন বাস্তব ব্যক্তির।
মেটা জানিয়েছে, নতুন এই সুবিধা তাদের বিদ্যমান অর্থের বিনিময়ে দেওয়া ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন থেকে সম্পূর্ণ আলাদা। এটি সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে চালু করা হবে।
কীভাবে মিলবে ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজ?
নতুন ব্যাজ পাওয়ার জন্য ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও ধারণ করে পরিচয় যাচাই সম্পন্ন করতে হবে। মেটার প্রযুক্তি সেই ভিডিও অ্যাকাউন্টে থাকা বর্তমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখবে এবং সবকিছু সঠিক থাকলে কয়েক মিনিটের মধ্যেই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে।
মেটার ভাষ্য, এই ব্যাজের উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের জানানো যে অ্যাকাউন্টটির পেছনে সত্যিই একজন বাস্তব ব্যক্তি রয়েছেন।
কারা পাবেন এই সুবিধা?
‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজ পেতে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে। প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের কোনো ইতিহাস থাকা যাবে না। ভিডিও সেলফির মাধ্যমে পরিচয় যাচাই সফলভাবে সম্পন্ন করতে হবে।
যাচাই সম্পন্ন হলে ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, গ্রুপ এবং ফেসবুক ডেটিং-এ দেখা যাবে। ভবিষ্যতে নিউজ ফিডেও এই ব্যাজ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মেটা।
কেন চালু হচ্ছে এই ব্যবস্থা?
মেটার মতে, এআই প্রযুক্তির অগ্রগতির ফলে এখন খুব সহজেই ভুয়া ছবি, ভুয়া পরিচয় এবং বিশ্বাসযোগ্য দেখায় এমন নকল অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব হচ্ছে। এসব ব্যবহার করে প্রতারণা, জালিয়াতি ও পরিচয় জালিয়াতির ঘটনা বাড়ছে।
এই পরিস্থিতিতে নতুন ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজ ব্যবহারকারীদের বুঝতে সহায়তা করবে যে তারা যার সঙ্গে যোগাযোগ করছেন, তিনি পরিচয় যাচাই করা একজন বাস্তব ব্যক্তি কি না।
তবে মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা, বিশ্বাসযোগ্যতা বা নিরাপত্তার নিশ্চয়তা দেয় না। এটি কেবল সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার প্রমাণ হিসেবে কাজ করবে।
কবে চালু হবে?
মেটা জানিয়েছে, ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন দেশে ‘ফেসবুক ভেরিফায়েড’ চালু করা হবে। শুরুতে সীমিত সংখ্যক দেশে এই সুবিধা পাওয়া যাবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে। তবে প্রথম ধাপে কোন কোন দেশে ফিচারটি চালু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
বিশেষজ্ঞদের মতে, এআই-নির্ভর ভুয়া পরিচয় ও অনলাইন প্রতারণার ঝুঁকি বাড়তে থাকায় সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে পরিচয় যাচাইয়ের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে। তবে ভেরিফায়েড ব্যাজ থাকলেও অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকা জরুরি।
সূত্র: রুপালি বাংলাদেশ









