ব্যানার-ফেস্টুন ছিঁড়ে লং মার্চের গণজোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম
ব্যানার-ফেস্টুন ছিঁড়ে লং মার্চের গণজোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


লং মার্চ ঠেকাতে বাধা দেওয়ার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে লং মার্চের পক্ষে তৈরি হওয়া গণজোয়ার বন্ধ করা সম্ভব নয়।


শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চ সফল হওয়ার পর আজ ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে লং মার্চ শুরু হচ্ছে।


লং মার্চের প্রচারে ব্যবহৃত ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ করে তিনি বলেন, ‘সারা দেশে আমরা দেখতে পাচ্ছি, লং মার্চের পক্ষে যে ঐতিহাসিক গণজোয়ার শুরু হয়েছে, সেটাকে প্রতিরোধ করার জন্য গতকাল রাত থেকে আমাদের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এই লং মার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না।’


সরকারের বিভিন্ন আইন ও প্রতিষ্ঠানের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, গুম ও মানবাধিকার নিয়ে সরকার যেসব আইন করেছে এবং র‌্যাবের নাম পরিবর্তন করে এসআরবি করেছে, সেগুলো নিয়ে তারা উদ্বিগ্ন। তার অভিযোগ, মানবাধিকার সুরক্ষার দায়িত্বে থাকা সরকারই মানবাধিকার হরণের পরিস্থিতি তৈরি করছে।


তিনি বলেন, গত ১৬ বছর তারা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। সেই আন্দোলনে জনগণ তাদের সঙ্গে ছিল বলেও মন্তব্য করেন তিনি।


বর্তমান সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকারে এসে জনগণের মানবাধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংস করছে বলে তিনি মনে করেন। অতীতে যারা গণতন্ত্র ধ্বংস করেছে, ইতিহাসে তাদের অবস্থান কী হয়েছে, তা উল্লেখ করে তিনি তারেক রহমানের ক্ষমতা ছাড়ার পথ বেছে নেওয়ার বিষয়েও মন্তব্য করেন।


তিনি বলেন, ‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে, তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন। তিনি কি হেলিকপ্টার করে পালিয়ে দেশ থেকে যাবেন, নাকি সম্মানের সহিত ক্ষমতা থেকে পদত্যাগ করবেন?’


লং মার্চের কর্মসূচি নিয়ে তিনি বলেন, দাবির সংখ্যা বাড়লেও শেষ পর্যন্ত তা এক দফায় গিয়ে ঠেকবে। সব বাধা উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে লং মার্চ সফল করার প্রত্যয় ব্যক্ত করেন নাহিদ ইসলাম।


এমকে/বিএম২৪